০১ মার্চ ২০২০, ১০:০৬

সিরিয়ার পাশ থেকে সরে যেতে রাশিয়াকে এরদোগানের হুঁশিয়ারি

  © সংগৃহীত

সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি যুদ্ধে রাশিয়াকে সিরিয়ার পাশ থেকে সরে যেতে বলেন। শনিবার দেয়া ওই বক্তব্যে তিনি রাশিয়ার উদ্দেশ্যে বলেন, সিরিয়ার বাহিনীকে একা তুরস্কের মোকাবিলা করতে দিন। শনিবার আঙ্কারায় এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরদোয়ান দাবি করেন, সিরিয়ার ইদলিব পরিস্থিতিকে ব্যবহার করে তুরস্কের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে চায় রাশিয়া।

তিনি দাবি করেন, সিরিয়ার তেল সম্পদ বা দেশটির ভূখণ্ড দখল করার ইচ্ছা আঙ্কারার নেই। বরং তুরস্ক নিজের জাতীয় নিরাপত্তা রক্ষা করতে চায় মাত্র। কিন্তু এ কাজে রাশিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

সিরিয়ার সরকার নয় বরং সেদেশের জনগণের আমন্ত্রণে সাড়া দিয়ে সিরিয়ায় তুর্কি সেনা মোতায়েন করা হয়েছে বলেও তিনি দাবি করেন। কাজেই তার দেশের সেনারা সিরিয়া ত্যাগ করবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন এরদোয়ান।

তুর্কি প্রেসিডেন্ট অবশ্য সত্যতা স্বীকার করেন যে, সম্প্রতি সিরিয়ার বিমান হামলায় ইদলিব প্রদেশে মোতায়েন তার দেশের ৩৬ সেনা নিহত হয়েছে।

প্রসঙ্গত, প্রায় দুই মাস আগে সিরিয়ার সেনাবাহিনী সেদেশের উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশ থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করার অভিযান শুরু করে। এ কাজে সিরিয়াকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে রাশিয়া। কিন্তু তুরস্ক এ অভিযানের বিরোধিতা করছে এবং ইদলিব প্রদেশে মোতায়েন নিজের সেনাদের দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করছে। সিরিয়ার সরকার ও জনগণ এ কাজের পরিণতির ব্যাপারে আঙ্কারাকে সতর্ক করে দিয়েছে।