এক ছাগলের দাম ৩ লাখ টাকা!
একটি ছাগলের দাম তিন লাখ টাকা। শুনতে কান কাড়া হয়ে যাবে মানুষের। কয়েক বছর আগেও লাখ টাকার গরু কিনলে মানুষ দেখতে আসত। এবার সবাইকে অবাক এই দামে হাঁকিয়ে বাজারে ছাগলটি তোলার প্রস্তুতি নিচ্ছেন ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া গ্রামের মো. অলিউল্লাহ।
শখ করে তিনি ছাগলটির নাম দিয়েছেন ‘টাইগার’। তিনি ছাগলটির দাম হাঁকাচ্ছেন তিন লাখ টাকা। ছাগলটি বিক্রির জন্য গাবতলী পশুর হাটে নেবেন বলে জানালেন তিনি। বেশ বড় আকারের ছাগলটি দেখতে তাঁর বাসায় ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। আকর্ষণীয় ছাগলটি দেখতে সোনালি রঙের।
অলিউল্লাহ জানালেন, আগামী বৃহস্পতিবার গাবতলীর হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবেন ছাগলটিকে। আশা করছেন, এবার গাবতলী হাটের সেরা ছাগল হবে ‘টাইগার’।
অলিউল্লাহ বলেন, ‘গত বছর কোরবানির পশুর হাটে কয়েকজন ক্রেতা ছাগলটির দাম লাখ টাকার ওপরে বলেছিলেন। কিন্তু বিক্রি করি নাই। ছাগলটি পুষতে আমাকে প্রচুর খরচ করতে হয়েছে। প্রতিদিন আধা কেজি আপেল ও মাল্টা ছাড়াও উন্নত মানের খাবার দিতে হয়েছে।’ এবার ছাগলটির দাম তিন লাখ টাকা হলে বিক্রি করবেন বলে জানালেন তিনি।
অলিউল্লাহ বলেন, তিন বছর ধরে ছাগলটি পুষছেন। তাঁর দাবি, ছাগলটির উচ্চতা চার ফুটের ওপরে। ওজন প্রায় ১২৮ কেজি। টাইগারকে প্রত্যাশামতো দামে বিক্রি করে বাড়ি ফিরতে পারবেন তো তিনি!