০১ জুলাই ২০১৯, ২০:০৪

বিড়াল ছানা হত্যায় কলেজছাত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

  © সংগৃহীত

ঢাকার কলেজছাত্রীর (১৭) বিড়াল ছানা হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। জুনের প্রথম সপ্তাহে অভিযোগপত্রটি মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার এসআই নয়ন চন্দ্র দেবনাথ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দাখিল করলেও বিষয়টি সোমবার জানা যায়।

আগামী ৯ জুলাই অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম। ১২ জনকে এই অভিযোগপত্রে সাক্ষী করা হয়েছে। ১৯২০ সালের প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইনের ৭ ধারায় অভিযোগপত্র দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা।

অভিযোগ প্রমাণিত হলে আসামির সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ডের ২০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। অভিযোগপত্রের একমাত্র আসামি ওই তরুণী ২০১৭ সালে এসএসসি পাস করে ন্যাশনাল আইডিয়াল কলেজে পড়ছেন। গোপীবাগের বাসায় তিনি ওই ঘটনা ঘটিয়েছিলেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত ১৭ মার্চ একটি মা বিড়াল ২/৩ দিন বয়সের ছোট ছানাকে ওই ছাত্রীর বাসার খাটের নিচে রেখে যায়। ওইদিন রাত ১০টার দিকে আসামি তার কক্ষে ছানাটিকে পাইপ এবং ছোড়া দিয়ে মেরে হত্যা করেন। ঘটনাটি তিনি মোবাইলে ভিডিও করেন। এরপর ছানাটির মৃতদেহ এবং পাইপ একটি পলিথিনে ভরে ময়লার ঝুড়িতে ফেলে দেন।

পরে ১৯ মার্চ রাতে তিনি তার ফেইসবুক অ্যাকাউন্টে বিড়াল ছানা হত্যার ভিডিও আপলোড করেন। আবার রাতেই ভিডিওটি ডিলিট করে দেন। ফেইসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে প্রাণী কল্যাণে কাজ করা কেয়ার ফর প’স নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন গত ২১ মার্চ মুগদা থানায় এই মামলা দায়ের করেন।

মামলার পর ওইদিনই তরুণীকে গ্রেপ্তার হয়। পরদিন তাকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন মঞ্জুর করে।