০৩ জুন ২০১৯, ১৩:৩৮

ঈদে ঢাকায় ঘোরাঘুরি

ঈদের আনন্দকে কয়েকগুন বাড়িয়ে তুলতে বন্ধু বা পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যাওয়ার বিকল্প নেই। ঈদে ঢাকায় বেড়ানোর আলাদা মজা আছে। ঢাকায় যারা ঈদ করেন তারাই সেটা টের পান। যানজটের অসহনীয় যন্ত্রনা ও কোলাহলমুক্ত ঢাকা ঈদে এক উপভোগ্য নগরীতে পরিণত হয়। আর এর সুযোগ নেন ঢাকায় অবস্থানকারিরা।

ঢাকাবাসীর বিনোদনের চাহিদা মেটাতে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিনোদনকেন্দগুলোত্রে ছুটির দিন ছাড়াও সাধারণ দিনগুলোতে ভ্রমণপিপাসুদের সরব উপস্থিতি চোখে পড়ে। এবার বেশ লম্বা ছুটি পড়ায় অনেকে পাড়ি জমিয়েছেন ঢাকার বাইরে নিজ গ্রামে। তাই পুরোপুরি ফাঁকা ঢাকায় আপনি চাইলে যে কোনো জায়গা থেকে খুব সহজেই ঘুরে আসতে পারেন।

ওয়ান্ডারল্যান্ড পার্ক 
ওয়ান্ডারল্যান্ড পার্ক ঢাকার সায়েদাবাদ রেলক্রসিংয়ের পাশে অবস্থিত। খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। এখানে ১৩টি রাইডের মধ্যে রয়েছে ফ্লাওয়ার কাপ, মিনি ক্যাব, বেবি কার, টয় ট্রেন, ভয়েজার বোর্ড, টুইস্টার, সুপার চেয়ার, মেরি-গো-রাউন্ড, ওয়ান্ডারল্যান্ড হুইল ইত্যাদি। প্রবেশমূল্য ছোট-বড় সবার জন্য ৫০ টাকা। আর সব রাইডের মূল্য ৩০ টাকা করে।

উত্তরার দিয়াবাড়ী
ভ্রমণপিয়াসী মানুষদের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে উত্তরার দিয়াবাড়ী জায়গাটি। লেকের শীতল বাতাস ও সবুজের সমারোহে মুক্তি মিলবে শহুরে কোলাহল থেকে। সবুজ প্রান্তর, লেক, ফুরফুরে ঠান্ডা বাতাস, কাশবন সব মিলিয়ে এক চমৎকার প্রাকৃতিক পরিবেশ। রাজধানীর ভেতরে এ যেন এক ভিন্ন জগৎ। উত্তরা ১৫ নম্বর সেক্টরের দিয়াবাড়ীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে যান নানাবয়সী লোকজন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উত্তরা তৃতীয় পর্যায়ের স¤প্রসারিত প্রকল্পের অংশ এই দিয়াবাড়ী। সেতুর দুই পাশে লেকের পাড়ে গড়ে উঠেছে বোট হাউস। বাঁশ ও কাঠের কাঠামো দিয়ে বানানো হয়েছে বসার জায়গা। সারি দিয়ে বাঁধা প্যাডেল বোট। ঘণ্টা ভিত্তিতে ভাড়া করে ঘুরতে পারবেন। তবে একটু দামাদামি করেই উঠতে হবে। এ ছাড়া থাকছে নানা ধরনের খাবারের দোকান ও রেস্তোরাঁও।

আহসান মঞ্জিল
পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে মোগল আমলের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে আহসান মঞ্জিল। খোলা থাকবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য জনপ্রতি ২০ টাকা। ১২ বছরের নিচের শিশু ও প্রতিবন্ধীদের জন্য জাদুঘর উন্মুক্ত।

লালবাগ কেল্লা
পুরান ঢাকার লালবাগে অবস্থিত লালবাগের কেল্লা বাংলাদেশের রাজধানী শহর ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত প্রাচীন দুর্গ। মোগল আমলে স্থাপিত এই দুর্গটি একটি ঐতিহাসিক নিদর্শন। পুরান ঢাকার ভিড় ঠেলে কেল্লার সদর দরজা দিয়ে ঢুকলেই চোখে পড়বে পরী বিবির মাজার। এখানে আছে দরবার হল, নবাবের হাম্মামখানা। আছে শাহি মসজিদ। রয়েছে একটি জাদুঘরও। খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। টিকেটের মূল্য ২০ টাকা। পাঁচ বছরের নিচের শিশুদের টিকেট লাগবে না ।

হাতিরঝিল
একটু সন্ধ্যা হলেই বেশি জমে ওঠে হাতিরঝিল। ইটপাথরের এই ব্যস্ত শহরে ক্লান্তিকর নাগরিক জীবনে রাজধানীর হাতিরঝিল হয়ে উঠেছে মনোরম এক বিনোদন কেন্দ্র। দিনে কিংবা রাতে যে কেউই ঘুরে আসতে পারেন হাতিরঝিলে। ভিন্ন ডিজাইনে করা ব্রিজের নিচ থেকে আলো যেন পুরো পরিবেশকে দিয়েছে অন্য রূপ। আর পুরো হাতিরঝিল ঘুরে দেখতে চাইলে রয়েছে বাস সার্ভিস।

সাগুফতা
ঢাকায় পরিবার নিয়ে বেড়াতে যাওয়া যায় এমন জায়গা তো খুব বেশি নেই। জায়গাটা বেশ নিরিবিলি, গাছগাছালি আর বসার জায়গা আছে। কালশী থেকে মিরপুর ডিওএইচএস পর্যন্ত সংস্কার হওয়া নতুন রাস্তার পাশে কিছুটা ফাঁকা জায়গা এবং ঝিল থাকায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসছেন। মূলত নতুন রাস্তায় পল্লবী ডি ব্লকের এক নম্বর সড়কের সামনে অবস্থিত মিরপুর আর্মি ক্যাম্প ক্যানটিন থেকে মিরপুর ডিওএইচএসের প্রবেশমুখ পর্যন্তই লোকজনের আনাগোনা বেশি। এ জায়গাটি অনেকের কাছে ‘সাগুফতা’ নামেও পরিচিত। আর ঈদ এলে এই এলাকা হয়ে ওঠে উৎসবমুখর।

বুড়িগঙ্গা ইকোপার্ক
শহরের কোলাহল ছেড়ে রাজধানীর উপকণ্ঠ শ্যামপুরে প্রায় সাত একর জায়গার ওপর গড়ে উঠেছে পার্কটি। সবুজ বৃক্ষরাজি আর বুড়িগঙ্গা নদী মিলে পার্কটিকে করে তুলেছে নয়নাভিরাম। শানবাঁধানো নদীর ঘাটে নৌকা বাঁধা। চাইলে এখানে নৌকায় করে ঘুরতে পারেন। একপাশে পাতা আছে বেঞ্চ। জায়গাটা গাছগাছালিতে ঢাকা। গাছের সারির ফাঁকে ফাঁকে পাকা রাস্তা।

ফ্যান্টাসি কিংডম
বর্তমান সময়ের ঢাকাবাসীদের কাছে বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ঢাকার অদূরে আশুলিয়ায় অবস্থিত ফ্যান্টাসি কিংডম। এই থিম পার্কে ঈদের দিন থাকছে কনসার্ট, নাচ প্রতিযোগিতাসহ নানা আয়োজন। তা ছাড়া বাম্পার বোট, বাম্পার কার, ইজিডিজি, জুজু ট্রেন, রোলার কোস্টার, ম্যাজিক কার্পেট, প্যাডল বোট। আর ওয়াটার ওয়ার্ল্ড তো থাকছেই।

নন্দন পার্ক
সাভারের নবীনগরের নন্দন পার্কে নানা রকম রাইড আর ওয়াটার ওয়ার্ল্ডের পাশাপাশি আছে খুদে চিড়িয়াখানাও। ঈদ উপলক্ষে কনসাটের্র ব্যবস্থা থাকছে এখানে। নন্দন পার্ক খোলা থাকবে বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৯টা।

তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক
নতুন নতুন চমকপ্রদ রাইডস ও মজার সব খেলনা উপভোগের জন্য আপনার আনন্দকে আরো প্রাণবন্ত করতে পার্ক সাজানো হয়েছে নতুন রূপে। তাই সপরিবারে বন্ধুদের সঙ্গে ঘুরে আসুন তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক থেকে। এটি ঢাকার মিরপুর ১-এ অবস্থিত।

যমুনা ফিউচার পার্ক
যমুনা ফিউচার পার্কে থাকছে নানা রকম মজার রাইড, ব্লক বাস্টারে রোমাঞ্চকর মুভি দেখার সুযোগ। এছাড়া রয়েছে শিশুদের জন্য অনেক ধরনের রাইড। যমুনা ফিউচার পার্ক ঢাকা শহরের অভিজাত জায়গা কুড়িল, বারিধারা, প্রগতি সরণি ও গুলশানের মতো জায়গার কাছাকাছি। এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর খুব কাছে অবস্থিত।

শিশুপার্ক
ঢাকার শাহবাগে অবস্থিত শিশুপার্ক সাধারণত বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। মেরি-গো-রাউন্ড, চাকা পায়ে চলা, টয় ট্রেন, উড়ন্তবিমান, উড়ন্ত নভোযানসহ রয়েছে বেশ কিছু রাইড।

শিশুমেলা
ঢাকার শ্যামলীতে রয়েছে শিশুদের জন্য অন্যতম একটি বিনোদনকেন্দ্র শিশুমেলা। এটি খোলা থাকে বেলা ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

ঢাকা চিড়িয়াখানা
শিশুদের প্রধান আকর্ষণের একটি ঢাকা চিড়িয়াখানা। মিরপুরে অবস্থিত এই চিড়িয়াখানা খোলা থাকবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দুই বছর পর্যন্ত শিশুদের জন্য টিকেট লাগবে না।

বিভিন্ন খাবারের দোকান
ভোজনবিলাসী মানুষের জন্য বর্তমানে ঢাকা শহরে রেস্টুরেন্ট, ফাস্ট ফুড, হোটেলই পছন্দের শীর্ষে। ঢাকার ধানমন্ডি, বনানী, বারিধারা, গুলশান, ধানমন্ডি, বেইলি রোড, খিলগাঁও এসব এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন রেস্টুরেন্ট, ফাস্ট ফুড, কফি শপ। এসব জায়গায় খাবারের পাশাপাশি বিনোদন, বিশেষ করে শিশুদের বিনোদনের ব্যবস্থা রয়েছে। তা ছাড়া বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কেও অনেক ফুড কোর্ট আছে। এছাড়াও পুরান ঢাকার লালবাগ, নাজিরা বাজার, ওয়ারী ও চানখাঁরপুলেও রয়েছে খাবারের দোকানের সমারোহ। ঈদ উপলক্ষে এখানেও ভোজনরসিক মানুষের ভিড় জমে।