২২ এপ্রিল ২০১৯, ১২:১১

জাত্যাভিমান থেকেই শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা: তসলিমা

  © সংগৃহীত

শ্রীলঙ্কায় সিরিজি বোমা হামলার ঘটনায় প্রায় তিনশ মানুষ নিহত হয়েছে। এছাড়াও এ হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০০ জন। এ পর্যন্ত কোনও পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। জঘন্যতম এ হামলায় শোক ও নিন্দা প্রকাশ করেছে বিশ্বনেতারা।

এদিকে শ্রীলঙ্কায় এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ফেরিফাইড আইডিতে একটি স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসটি পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো-

তসলিমা নাসরিনের ফেসবুকে দেয়া স্ট্যাটাস

“নিউজিল্যান্ডের মসজিদে সেদিন মানুষ মারা হলো, কাল শ্রীলংকার গির্জাগুলোয় মানুষ মারা হলো। এসবের পেছনে কাজ করে ঘৃণা। ধর্ম, বর্ণ, জাত্যাভিমান থেকে উদ্ভূত ঘৃণা। কারা শ্রীলংকায় দু'শরও বেশি লোককে খুন করেছে, আর পাঁচশরও বেশি লোককে আহত করেছে? শ্রীলংকার পুলিশ কয়েকজনকে ধরেছে।

তাওহিদ জামাত নামে একটি মুসলিম সংগঠনকে সন্দেহ করা হচ্ছে। এইসব দেখতে আর ভালো লাগে না। নিরীহ সব মানুষকে হত্যা করে সন্ত্রাসীরা কিভাবে লাভবান হয় আমি বুঝি না। নিজেকে খুন করে হলেও অন্যকে খুন করার ইচ্ছে এত তীব্রতা কী করে পায়, কতটা সুখ শান্তি এদের জোটে, কিভাবে জোটে, আমি বুঝে পাই না।

মানুষ জাতটা জাত হিসেবে ভালো বলে আমার মনে হয় না। এদের মধ্যে বুদ্ধিমান আছে, কিন্তু বোকার সংখ্যাই বেশি। শান্তিপ্রিয় লোক আছে, কিন্তু বর্বরের সংখ্যাই বেশি। আর কত হত্যা আর নৃশংসতার মধ্য দিয়ে এই জাতটা যাবে, কে জানে। হয়তো বোকা বর্বরগুলোই একদিন পৃথিবী ধংস করবে, মানবজাতকে নিশ্চিহ্ন করবে। আমরা যা দেখছি এখন, তা হয়তো অতি সামান্য, সামনে হয়তো আরও ভয়ংকর কিছু অপেক্ষা করছে।”