২২ এপ্রিল ২০১৯, ১১:২৮

শ্রীলঙ্কায় নিহত ১৪ কোটি লিখে নতুন সমালোচনায় ট্রাম্প

  © সংগৃহীত

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় শোক ও নিন্দা প্রকাশ করেছে বিশ্ব নেতারা। তালিকার মধ্যে ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কিন্তু তার শোক নিন্দা প্রকাশ করা টুইট জন্ম দিয়েছে নতুন সমালোচনার। তিনি যেন মিলিয়ন ছাড়া কথাই বলতে পারেন না। ওই হামলায় নিহতের সংখ্যা ১৩৮ মিলিয়ন বা ১৩ কোটি ৮০ লাখ বলে উল্লেখ করে টুইট করেছেন বলে খবর ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

প্রকৃতপক্ষে ট্রাম্পের এ টুইুটের খবরের সময় নিহতের সংখ্যা ছিল দেড় শতাধিক।

ট্রাম্পের টুইট বার্তাটি ছিল এরকম, শ্রীলঙ্কার গির্জা ও হোটেলে ধারাবাহিক বিস্ফোরণে ১৩৮ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৬০০-রও বেশি মানুষ। এই ঘটনায় শ্রীলঙ্কার মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে আমেরিকার মানুষ। আমরা যে কোনও সাহায্যের জন্য তৈরি।

তার এমন টুইটের পরই তীব্র সমালোচনা শুরু হয়। অনেকে মন্তব্য করতে শুরু করেন, ট্রাম্পের মাথা ঠিক নেই। কেউবা লেখেন, ট্রাম্প আবারও পাগলের মতো আচরণ করলেন। তার এখন চিকিৎসা নেয়ার সময় হয়েছে। এমন সমালোচনার পর ট্রাম্প অবশ্য তার টুইট বার্তা সংশোধন করেন।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার সবচেয়ে বড় শহর ও বাণিজ্যিক রাজধানী কলম্বোয় অষ্টম দফায় বোমার বিস্ফোরণ ঘটেছে। সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে পৌঁছেছে। এছাড়া এই হামলায় আহত হয়েছে অন্তত ৪৫০ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার সকাল থেকে দফায় দফায় হামলায় কেঁপে উঠে শ্রীলঙ্কা। এসময় তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেল ও একটি ইন-এ বোমা বিস্ফোরণ হয়। সর্বশেষ অষ্টম বিস্ফোরণটি ঘটেছে চিড়িয়াখানা এলাকায়।