রমজানের শুভেচ্ছা জানালো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকাসহ বিশ্বের অনেক দেশে সোমবার (১১ মার্চ) থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। বাংলাদেশে রোজা পালন শুরু হয় মঙ্গলবার (১২ মার্চ) থেকে। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে মহাগুরুত্বপূর্ণ এক মাস রমজান।
মাসজুড়ে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব প্রকার পানাহার থেকে বিরত থেকে রোজা রাখবেন অনেকেই। পবিত্র মাহে রমজানের আবহ এখন দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়েও। মুসলিম অনেক শিক্ষক-শিক্ষার্থী রোজা রেখেই চালিয়ে যাবেন একাডেমিক কার্যক্রম
বিশ্বের সব জায়গায় রোজার আমেজ শুরু হয়েছে। এরই মধ্যে ইসলাম ধর্মের অনুসারীদের পবিত্র এই মাস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়টি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবিতে ইংরেজি ভাষায় ‘রামদান মোবারক’ লিখে এই মাসে রোজা পালনকারী সকল মুসলিমকে রমজান মোবারক জানিয়েছে।
পোস্টে নতুন চাঁদের ইমোজি ও হ্যাশ ট্যাগে রমজান-২০২৪ দিয়ে ক্যাপশনে এক বার্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখেছে, এই মাসে রোজা পালনকারী সকলকে রমজান মোবারক।