০৪ মে ২০২৩, ১১:৫২

তালিকা করে বিদ্যালয়ে গুলি স্কুলছাত্রের, প্রাণ গেল ৯ জনের

সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ  © বিবিসি

সার্বিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন ৯ জন। এরমধ্যে আট শিক্ষার্থী ও অন্যজন নিরাপত্তারক্ষী। রাজধানী বেলগ্রেডের বিদ্যালয়টিতে ১৪ বছর বয়সী ছাত্র এ হামলা চালায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। ছাত্রের গুলিতে এক শিক্ষকসহ আরও ছয় শিক্ষার্থী আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগে খুনের একটি তালিকা করে ছাত্রটি। সে তার বাবার বৈধ অস্ত্র এ কাজে ব্যবহার করেছে। একাধিকবার প্রাকটিসও করেছে। পরে তার বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরপরই হেলমেট ও বুলেটপ্রুফ পোশাক পরা পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল ঘিরে রেখেছে।

এ হামলাকে আধুনিক যুগের সবচেয়ে কঠিন দিন বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস। তিনি জানিয়েছেন, সার্বিয়ার বর্তমান আইন অনুযায়ী, হামলাকারীকে মানসিক চিকিৎসাকেন্দ্রে পাঠানো হবে।