বিস্তারিত জানানো হয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের পরিবারকে
কানাডার টরন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত ও একজনের গুরুতর আহত হওয়ার ঘটনায় বিস্তারিত জানানো হয়েছে তাদের পরিবারগুলোকে। দেশটির ডান্ডাস স্ট্রিট ওয়েস্টের ৪২৭ নম্বর মহাসড়কের দক্ষিণমুখী র্যাম্পে স্থানীয় সময় গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
কানাডার প্রবাসী স্থানীয় বাংলাদেশিরা জানিয়েছেন, নিহত তিন শিক্ষার্থী হলেন শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। তবে কানাডার পুলিশ বা দেশটির গণমাধ্যমে হতাহত শিক্ষার্থীদের কোনো নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।
অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানিয়েছে, টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়।
দুর্ঘটনার সময় গাড়িতে চারজন আরোহী ছিলেন। তাঁরা সবাই বাংলাদেশি। শিক্ষার্থী ভিসায় টরন্টোয় অবস্থান করছিলেন বলে সেখানকার পুলিশ নিশ্চিত করেছে।
দুর্ঘটনার সময় গাড়িতে থাকা তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য রাখা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, নিহত শিক্ষার্থীদের মধ্যে ২০ বছর বয়সী একজন নারী রয়েছেন; অন্য দুজনের বয়স ২০ ও ১৭ বছর। আর আহত শিক্ষার্থীর বয়স ২১ বছর। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। এ ঘটনায় তদন্ত চলছে।
কানাডার সংবাদমাধ্যম সিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, চারজনের পরিবারকে ইতিমধ্যেই জানানো হয়েছে। টরন্টো পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাদের ওই এলাকায় ডাকা হয়। তাদের বলা হয়েছে যে একটি গাড়ি উল্টে গিয়ে তাতে আগুন ধরে যায়।
টরন্টো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নেভাতে ও আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।