বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১২টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এই ১২ জেলার মধ্যে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘আগামী দুই দিনে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তবে আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।’
শাহীনুল ইসলাম জানান, ‘রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।’
আরও পড়ুন : মেসেঞ্জার গ্রুপে আপত্তিকর ভিডিও, প্রতিবাদ করায় হেনস্থা
তিনি আরও জানান, ‘পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।’
তিনি জানান, লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর ফলে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই লঘুচাপের ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রাজশাহীর তাড়াশে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ বৃষ্টিপাত টাঙ্গাইলে ৫৭ মিলিমিটার ও ঢাকাতে বৃষ্টিপাত ২৪ মিলিমিটার রেকর্ড করার হয়েছে।