০১ সেপ্টেম্বর ২০২২, ২০:৩১

শিক্ষকের বিরুদ্ধে ৬ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়  © সংগৃহীত

লক্ষ্মীপুরে এক শিক্ষকের বিরুদ্ধে ছয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে এই ঘটনায় মানববন্ধন করেছেন ওই শিক্ষকের সমর্থকরা।

রামগঞ্জ উপজেলার চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক আবদুল কুদ্দুসের বিরুদ্ধে ওই স্কুলের দশম শ্রেণির ছয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। ভুক্তভোগী ছাত্রীরা ইউএনও বরাবর লিখিত অভিযোগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে।

লিখিত অভিযোগে ছাত্রীরা জানান, ক্লাসে পড়া না পারায় শিক্ষক কুদ্দুস প্রায়ই ওই ছাত্রীদের দাঁড় করান। এ সময় তাদের শরীরের বিভিন্ন অংশে হাত দিয়ে আপত্তিকর কথাবার্তা বলেন। এ ঘটনায় তারা বুধবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। 

আরও পড়ুন: ৩০ পেলেই জবিতে ভর্তির সুযোগ মিলবে ৭৬ জনের

অভিযোগ অস্বীকার করে শিক্ষক আবদুল কুদ্দুস বলেন, ক্লাসে পড়া না পাড়ায় দুই-একটি করে বেত্রাঘাত করা হয়েছে। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে একটি চক্র ওই ছাত্রীদের দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। আমি কখনো শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করিনি।

জানতে চাইলে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মীরা বলেন, যৌন হয়রানির অভিযোগ পেয়েছি। এই বিষয়ে তদন্ত চলছে। আগামী রোববার (৪ সেপ্টেম্বর) এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।