২৫ আগস্ট ২০২২, ২১:০১

ঢাকায় ফিরলেন রাষ্ট্রপ‌তি

রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ  © ফাইল ছবি

কিশোরগঞ্জে চার‌দিনের সরকা‌রি কর্মসূ‌চির শেষ দিনে ব্যস্ত সময় পার করেছেন রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ। চার দিনের কিশোরগঞ্জ সফর শেষে আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় মিঠামইন থেকে ঢাকায় ফিরেছেন তিনি।

গত ২২ আগস্ট চার‌দিনের সরকা‌রি সফরে বি‌শোরগঞ্জ আসেন রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ। তি‌নি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে বি‌ভিন্ন কর্মসূ‌চিতে অংশ নেন।

চারদিনের সফরের শেষ দিন বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি মিঠামইনে নবনির্বিত ডরমেটরি ভবন উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। তি‌নি তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় তিনি বিদ্যালয়ের একাডেমিকসহ বিভিন্ন বিষয় খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করার পরামর্শ দেন। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইন উপজেলা পরিষদের নবনির্মিত ডরমেটরি ভবনের উদ্বোধন করেন।

আরও পড়ুন: কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

এছাড়া তিনি ঘোড়াওত্রা নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এছাড়া মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন।

স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম , প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব  সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

সফরের শেষ দিন বাদ আসর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইনের কামালপুরে তার পিতা হাজী মো. তায়েব উদ্দিন এবং মাতা তমিজা খাতুনের-কবর জিয়ারত করেন। এ সময় আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।