৩০ এপ্রিল ২০২২, ১৩:৪৬

মুহিতের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

মুহিতের প্রতি শ্রদ্ধা  © সংগৃহীত

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। আজ শনিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সাবেক এই অর্থমন্ত্রীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়। সেখানে উপস্থিত আছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ জাতীয় নেতৃবৃন্দ। পরে দাফনের জন্য সাবেক এই অর্থমন্ত্রীর মরদেহ নেওয়া হবে তার জন্মস্থান সিলেটে।

এর আগে, রাজধানীর গুলশান আজাদ মসজিদে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সংসদ প্লাজায় দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে সেটি স্থগিত করা হয়েছে।

শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে মুহিতকে নেওয়া হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। এরপর রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। মৃত্যুকালে আবুল মাল আবদুল মুহিতের বয়স হয়েছিল ৮৮ বছর।

মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে শোক জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারিমন চৌধুরী ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের ও মন্ত্রিপরিষদের সদস্যরা।

আরও পড়ুন- সংসদ প্লাজায় মুহিতের জানাজা স্থগিত 

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়নে সিলেট-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন আবুল মাল আবদুল মুহিত। পরে ২০০৯ সালের ৬ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০১৮ সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা ১০ বার বাজেট ঘোষণা করেন মুহিত।