জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষ, নিহত ২
রাজশাহীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার(৩০ জুন) রাজশাহীর রাজপাড়ায় এই ঘটনা ঘটে। রাজপাড়ার স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহাতাব গ্রুপ ও স্থানীয় প্রভাবশালী শফিকুল গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।
ঘটনার সত্যা নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, বুধবার দুপুরে মাহাতাব ও শফিকুল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের একজন করে নিহত হয়েছে।
তিনি আরও জানান, আহতদের হাসপাতালের দুইটি ভিন্ন ভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।