২৭ জুন ২০২১, ১৭:০০
জামিন পেলেন ডাকসুর সাবেক নেতা আখতার
নাশকতার মামলায় জামিন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আখতার হোসেন। রোববার (২৭ জুন) হাইকোর্ট থেকে জামিন পান তিনি।
হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি মোস্তফা জামানের সমন্বয়ে গঠিত ভার্চয়াল বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। আদালতের আখতারের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ধস্তাধস্তির ঘটনায় আখতারের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, মারধর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা করা হয়। মামলার পর গত ১৩ এপ্রিল ঢাবির আইন বিভাগের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।