রাজধানীতে ভারী বর্ষণ, চলতে পারে দুপুর পর্যন্ত (ভিডিও)
সকাল সকাল রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ হয়েছে। মঙ্গলবার (১ জুন) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাটে, অলিগলিতে পানি জমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। সড়কে পানি জমে থাকায় এবং গণপরিবহন ও রিকশা সংকটে অনেকেরই অফিসযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। বৃষ্টি ও হাঁটু পানির মধ্যেই অনেককে অফিসের উদ্দেশে যাত্রা করতে দেখা গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি থেমে থেমে দুপুর পর্যন্ত চলতে পারে। কোথাও কোথাও আজ সারাদিনই বৃষ্টির দেখা মিলতে পারে। এছাড়া ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস রয়েছে। এ কারণে নদীবন্দরকে ১ নং সংকেত দেখানো হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া আকারেও বয়ে যেতে পারে। ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, থেমে থেমে রাজধানীতে দুপুর পর্যন্ত বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি হচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।