২৪ নভেম্বর ২০২০, ১৪:২১
করোনায় আক্রান্ত নায়করাজ পরিবার
নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে নায়করাজ রাজ্জাকের পরিবার। রাজ্জাকের স্ত্রী খায়রুন্নেছা লক্ষ্মী বাদে বাপ্পারাজ, সম্রাট ও তাদের স্ত্রী-সন্তানেরা করোনায় আক্রান্ত হয়েছেন। সবাই এখন বাসায় আইসোলেশনে রয়েছেন।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে খালিদ হোসাইন সম্রাট এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আম্মা (খায়রুন্নেছা লক্ষ্মী) বাদে আমাদের দুই ভাইয়ের পরিবারের সবার করোনা-পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমরা সবাই ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছি। সব ঠিক থাকলেও শরীর বেশ দুর্বল।’
ব্যক্তিজীবনে নায়করাজ রাজ্জাক ১৯৬২ সালে খায়রুন্নেছা লক্ষ্মীকে বিয়ে করেন। এ দম্পতির পাঁচ সন্তান। তাঁরা হলেন রেজাউল করিম বাপ্পারাজ, নাসরিন পাশা শম্পা, রওশন হোসাইন বাপ্পী, আফরিন আলম ময়না ও খালিদ হোসাইন সম্রাট। বাবার মতো সিনেমার পর্দায় নাম লিখিয়েছেন বাপ্পারাজ ও সম্রাট।