ঢাবি অধ্যাপকের নিবন্ধ: এবার দুই সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
দৈনিক নয়া দিগন্ত এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ লেখা প্রকাশ করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে মামলাটি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২০ অক্টোবরের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের পেশকার রকিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন- দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, যায়যায়দিন পত্রিকার সম্পাদক কাজী রুকন উদ্দিন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খান।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের ৩০ মে মামলার আসামি অধ্যাপক মোর্শেদ হাসান খান দৈনিক যায় যায় দিন পত্রিকায় ‘স্মৃতিময় জিয়া’ শিরোনামে ও ২০১৮ সালের ২৬ মার্চ দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামে নিবন্ধন ছাপেন। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তথ্য বিকৃতি করে ঔদ্ধতপূর্ণ, মিথ্যা, বানোয়াট ও অবমাননাকর বক্তব্য লেখেন। যা পরবর্তীতে অপর আসামি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদক কাজী রুকন উদ্দিন আহমেদ যাচাই-বাছাই না করে প্রকাশ ও প্রচার করেন।
আসামিদের এ রূপ লেখা প্রকাশ ও প্রচারের ফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধ নিয়ে কুরুচিপূর্ণ, ইতিহাস বিকৃতি, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বলে বাদী মনে করেন।