১৭ জুলাই ২০২০, ১৬:৪০

শিক্ষা ছাড়া উন্নত জীবন সম্ভব নয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন  © ফাইল ফটো

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কোনো দেশের উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষা। শিক্ষা দুর্বল হলে নীতি, রাষ্ট্রীয় আইন-কানুন দুর্বল হয়, দেশ পিছিয়ে যায়। এ কারণে গুণগতমানের শিক্ষার গুরুত্ব সবসময় থাকে। শিক্ষা ছাড়া উন্নত জীবন সম্ভব নয়।

বৃহস্পতিবার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে সামার সেমিস্টার ২০২০-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ভার্চুয়াল নবীনবরণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তোমাদের আত্মবিশ্বাস এবং বর্তমান সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে সফলতা আসবে। অতীত থেকে প্রেরণা নিতে হবে, কিন্তু অতীত নিয়ে বসে থাকা চলবে না। ভবিষ্যতের নিরাপদ জীবনযাপনের জন্য এখন পরিশ্রম করতে হবে।

তথ্যপ্রযুক্তি খাতে দেশের সাফল্য ‍তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে। বর্তমানে বাংলাদেশে তথ্য প্রযুক্তিখাতে প্রায় ছয় লাখ দক্ষ জনবল আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে বাংলাদেশ এ খাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।