২৭ জুন ২০২০, ২১:১৬

দরিদ্র স্কুলছাত্রীর পড়ালেখার দায়িত্ব নিলেন কাউন্সিলর

  © টিডিসি ফটো

ফেনীর রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর হতদরিদ্র স্কুলছাত্রীর পড়ালেখার দায়িত্ব নিলেন ফেনী পৌরসভার ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বাহার।

শুক্রবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর রামপুর হাফেজ উকিল বাড়ি এলাকার ভাড়াটিয়া মো. জহির উদ্দিনের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযান চালিয়ে বাল্যবিয়ের অভিযোগে সংশ্লিষ্ট কাজীর ২০ হাজার টাকা জরিমানা ও স্কুলছাত্রীর বাবার ১৫ দিনের জেল দিয়েছেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন।

এ সময় ফেনীর রামপুর বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী সাথে বিয়ের আয়োজন চলছিল ২৫ বছর বয়সী কারখানা শ্রমিক আনোয়ারের সাথে। তারা উভয়ে লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।

কাউকে না জানিয়ে কনের পিতা মো. তার ১৩ বছর বয়সী মেয়েকে আলী আহম্মদের ছেলে মো. আনোয়ারের সাথে বিয়ে দিচ্ছিলেন। খবর পেয়ে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন কনের বাড়িতে হানা দেয়।

এ সময় অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বিয়ের অভিযোগে ফেনীর পৌরসভা ১৮নং ওয়ার্ডের বিবাহ রেজিষ্টার আবদুল মতিনকে ২০ হাজার জরিমানা করে ভ্রাম্যমান আদালত। একইসঙ্গে মেয়ের পিতাকে বাল্যবিয়ের অভিযোগে ১৫ দিনের জেল দেওয়া হয়। পরে সেখানে উপস্থিত ফেনী পৌরসভার ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বাহার মেয়েটির স্কুলের পড়ালেখাসহ যাবতীয় খরচের দায়িত্ব নেন।

কাউন্সিলর আমির হোসেন বাহার জানান, মেয়েটির বাবা গরীব হওয়াতে এ মেয়েটির পড়ালেখার খরচ চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তাই তাদের অসহায়ত্বের কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিয়েছি মেয়েটি প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার স্কুলের সমস্ত পড়ালেখার ও পোষাকের পরিচ্ছদের খরচ আমি বহন করবো।