২১ জুন ২০২০, ২১:৩৬
কাজ না পেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ল যুবক
টাঙ্গাইলের যুবক আলামিন ভাগ্য পরিবর্তনের আশায় ধার-দেনা করে গিয়েছিলেন সৌদি আরব। কিন্তু পাঁচ মাসেও তার কাজ মেলেনি। মানবেতর জীবনযাপনের এক পর্যায়ে হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। আজ রবিবার দেশের একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে দেখা গেছে, মানসিক ভারসাম্যহীন আলামিন সৌদিআরবের জেদ্দার পথে পথে ঘুরছিলেন। তার নাম পরিচয় জানতে চেয়ে ফেসবুকে লাইভ করেন এক প্রবাসী বাংলাদেশি। এরপরই তাকে শনাক্ত করেন বাবা-মা।
আলামিনের পরিবার জানিয়েছে, মাস পাঁচেক আগে ধারদেনা করে সৌদি আরব যান আলামিন। সেখানে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।
টাঙ্গাইল সদরের গালা ইউনিয়নের চেয়ারম্যান রাজ কুমার সরকার জানান, আলামিনের বাবা একজন দরিদ্র কৃষক। দেশের স্বজনদের কাছে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।