১৯ জুন ২০২০, ১৭:৪৩

করোনা উপসর্গ নিয়ে ১০৭০ জনের মৃত্যু: ঢাবির জেনোসাইড স্টাডিজ

  © প্রতীকী ছবি

সরকারি হিসেব মনে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ১ হাজার ৩৮৮ জনের মৃত্যু হয়েছে। তবে বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও) নামে একটি প্রতিষ্ঠান জানিয়েছে, করোনাভাইরাসের শুরু থেকে সারাদেশে উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৭০ জন। গত এক সপ্তাহে ১৭৯ জনের এমন মৃত্যু হয়েছে। 

বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) একটি প্রকল্প। জাতিসংঘের সংস্থা ইউএনডিপির আর্থিক সহায়তায় কয়েকটি বিষয় নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি। করোনা পরিস্থিতি নিয়ে প্রতি সপ্তাহে প্রতিবেদন দিচ্ছেন তারা।

আজ শুক্রবার (১৯ জুন) সর্বশেষ প্রতিবেদনে বিপিও বলছে, করোনার উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মারা গেছে চট্টগ্রাম বিভাগে ৩১০ জন। এরপর ঢাকায় ২৭০, খুলনায় ১১২, রাজশাহী ১১০, বরিশাল ১০৪, সিলেট ৭০, রংপুর ৬১ ও ময়মনসিংহ বিভাগে ৩৩ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

বিপিও গবেষকেরা বলছেন, তারা নিয়মিতভাবে তথ্য যাচাই-বাছাই করে সংশোধন করছেন। ফলে প্রকাশিত পুরোনো তথ্যও মাঝে মাঝে পরিবর্তন করা হচ্ছে। এর আগে ১৯ মে প্রকাশিত প্রতিবেদনে ১ হাজার ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল তারা। পরে এটি সংশোধন করে। গত সপ্তাহের প্রতিবেদনে আগের তিন সপ্তাহের দেওয়া তথ্য পরিবর্তন করা হয়েছে। আর নতুন প্রতিবেদনে আগের সপ্তাহে মৃত্যুর তথ্য সংশোধন করায় মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে।

গবেষণা প্রতিবেদন বলছে, করোনা রোগীর মতো উপসর্গ নিয়ে মারা গেলেও তারা করোনায় আক্রান্ত নাও হতে পারেন। একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এসব ক্ষেত্রে পরীক্ষা করে ৮৫ শতাংশের করোনা পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়েছে গবেষণা প্রতিবেদনে। টানা ৬ সপ্তাহ মৃত্যুর হার কমলেও তিন সপ্তাহ ধরে দেশে করোনা আক্রান্তের লক্ষণ বা উপসর্গ নিয়ে মৃত্যু বাড়ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।