০৭ জুন ২০২০, ১৮:৫৩

অবস্থার উন্নতি নেই নাসিমের

  © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের ভেন্টিলেশনে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। তিনি এখনো কোমায় রয়েছেন।

রোববার (৭ জুন) বিকেলে মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয় গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আমার বাবা (মোহাম্মদ নাসিম) এখনো কোমায় রয়েছেন।

করোনায় আক্রান্ত হওয়ার পর গত সোমবার থেকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোহাম্মদ নাসিম। গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের কথা ছিল। কিন্তু শুক্রবার ভোর সাড়ে ৫টায় স্ট্রোক করায় অবস্থার অবনতি ঘটে।

এর পর জরুরি ভিত্তিতে অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়। অপারেশন শেষে তাঁকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। আগামী ৭২ ঘণ্টা তাকে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।