২৯ এপ্রিল ২০২০, ০৮:০০

সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

  © সংগৃহীত

বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার প্রধান প্রতিবেদক ও হেড অব নিউজ হিসেবেও কাজ করেছেন।

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ সাংবাদিক ও ভালো মানুষকে হারাল। এসময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

প্রয়াত সাংবাদিক খোকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর সভাপতি তপন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ নেতৃবৃন্দ।