২০ অক্টোবর ২০১৯, ১৮:১৪

আইডি হ্যাকের সঙ্গে জড়িতদের আটক করা হয়েছে: ভোলার এসপি

ভোলায় সংঘর্ষ  © টিডিসি ফটো

হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কটূক্তি করার ঘটনা অভিযুক্ত ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে করা হয়েছে এবং আইডি হ্যাকের সঙ্গে জড়িতদের আটক করা হয়েছে বলে গিণসাধ্যমকে জানিয়েছেন ভোলার পুলিশ সুপার( এসপি) সরকার মোহাম্মদ কায়ছার।

তিনি বলেন, বোরহানউদ্দিন উপজেলার বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবকের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। আমরা হ্যাকের সঙ্গে যারা জড়িত তাদের আটক করেছি। আমরা এ নিয়ে গত রাতে স্থানীয় আলেমদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে আজকের প্রোগ্রাম হবে না।
কিন্তু সকাল থেকে আমাদের কাছে খবর আসে সেখানে মাইকিং হচ্ছে এবং স্টেজ বানানো হচ্ছে। সেখানে গিয়ে আমরা উপস্থিত মুসল্লীদের সঙ্গে কথা বলি এবং আমি নিজে সেখানে বক্তব্য দিয়েছি। তারা সবাই আমার বক্তব্য শুনেছে। যখন আমি স্টেজ থেকে নেমে আসি তখন এক দল উত্তেজিত জনতা আমাদের ওপর হামলা চালায়।

এসপি বলেন, অতর্কিত হামলায় তারা আত্মরক্ষার্থে একটি রুমে গিয়ে আশ্রয় নেই। যখন তারা আমাদের রুমের জানালা ভেঙ্গে ফেলছে তখন আমরা প্রথমে শর্টগানের ফাঁকা গুলি ছুড়ি। পরবর্তীকালে এতে কাজ না হওয়ায় ওপরের দিকে গুলি চালায়। এতে আমার জানামতে একজন পুলিশ সদস্যের বুকে গুলি লেগে গুরুতর আহত হন।

আমরা আহত অবস্থায় যাদের হাসপাতালে পাঠিয়েছি তাদের মধ্যে তিনজন নিহত হয়েছেন। তবে বাকি আরও থাকতে পারে সেটা আমাদের কাছে তথ্য নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, শুক্রবার উপজেলার কাচিয়া ২নং ওয়ার্ডের বিপ্লব নামে এক যুবকের ফেসবুক পোস্ট কেন্দ্র করে উপজেলা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার ওই যুবকসহ আরও একজনকে আটক করে পুলিশ।

পুলিশ বিপ্লব চন্দ্র শুভকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। এ ঘটনায় বিপ্লবের ফাঁসির দাবি করে পুরো মুসলিম জনতা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ মিছিল করেন। রোববার তাদের মহাসমাবেশের ডাক দেয়।