জাকির নায়েক সম্পর্কে মাহাথিরের নেতিবাচক বক্তব্যটি ভূয়া!
ভারতের আলোচিত ধর্মপ্রচারক জাকির নায়েককে মালয়েশিয়ায় থাকতে দিতে চান না কিংবা তিনি দেশটির জন্য হুমকিস্বরূপ দাবি করেছেন প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে মাহথিরের দেওয়া সাক্ষাত্কারের বরাতে এমন খবরই প্রকাশ করেছে বাংলাদেশের মূল ধারার পত্রিকাগুলো।
প্রথম সারির একটি পত্রিকা লিখেছে, ‘‘মালয়েশিয়া জাকির নায়েককে থাকতে দিতে চায় না। কিন্তু তাকে বিতাড়িত করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ অন্য কোনো দেশ নায়েককে আশ্রয় দিতে রাজি নয়।’’
সার্কুলেশনে প্রথম তিন-চারের মধ্যে দাবি করা একটি গণমাধ্যম শিরোনাম করেছে, ‘জাকির নায়েক মালয়েশিয়ার জন্য হুমকি: মাহাথির’। শুক্রবার গুগলে সার্চ করে ওই হেডলাইনের লিংক খুঁজে পাওয়া গেলেও নিউজ খুঁজে পাওয়া যায়নি। অর্থ্যাৎ সংবাদটি প্রত্যাহার করা হয়েছে।
প্রথম সারির আরেকটি পত্রিকা লিখেছে, ‘‘ড. মাহাথির বলেছেন, ‘অন্য কোনো দেশ জাকির নায়েককে নিতে চায় না বলেই তাকে আমাদের এখানে রাখতে হচ্ছে।’’
বাকি অনেক পত্রিকা ও মূলধারার অনলাইনগুলোও প্রায় কাছাকাছি শিরোনামে সংবাদটি প্রকাশ করেছে। কিন্তু আসলেই কি মাহাথির মোহাম্মদ এমন কথা বলেছেন? নাকি ভিন্ন বক্তব্যের ভুল বঙ্গানুবাদ বা অন্য কিছু হয়েছে? দেশের সবগুলো সংবাদমাধ্যমে মাহাথিরের এই বক্তব্যের উৎস হিসেবে বলা হয়েছে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারের কথা।
কিন্তু ওই সাক্ষাৎকারে মাহাথির এমন কোনো কথা বলেননি। অর্থ্যাৎ সংবাদটি ভূয়া। অনুসন্ধান করে এমন তথ্যই পাওয়া গেছে।
মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে প্রকাশিত প্রায় সবকটি ইংরেজি ভাষার সংবাদমাধ্যম ঘেটে দেখা গেছে, সবাই মাহাথিরের এই সাক্ষাৎকার নিয়ে সংবাদ প্রতিবেদন করেছে, কিন্তু কেউই ‘‘জাকির নায়েক মালয়েশিয়ার জন্য হুমকি’’ এমন কথা মাহাথিরকে উদ্ধৃত করে লেখেনি।
দেখতে পারেন কয়েকটি প্রতিবেদন: https://www.malaysiakini.com/news/486085 , http://theindependent.sg/ , Dr M: We’re stuck with Zakir Naik
তবে মালয়েশিয়ান স্টার অনলাইন ‘‘Dr M: Zakir Naik is an ‘unwelcome guest’ Malaysia can't send away’’ শিরোনামের অধীনে তাদের রিপোর্টে মাহাথিরের বক্তব্যটিকে টুইস্ট করে প্রকাশ করেছে; যাতে তারা লিখেছে— Prime Minister Tun Dr Mahathir Mohamad said although Zakir's extreme views was a threat to the country's racial and religious relations, it was difficult to remove him because no other country wanted him.
কিন্তু এই কথাটাকে পত্রিকাটি কোট/আনকোটের বাইরে রেখেছে। অথচ এর পরের প্যারায় কোট/আনকোট করে টিআরটিকে দেয়া বক্তব্যটি হুবহু তুলে ধরেছে। সেখানে কোনো বিকৃতি করা হয়নি।
স্টার অনলাইনের প্রতিবেদন: https://www.thestar.com.my/news/nation অর্থাৎ মাহাথির নিজে সরাসরি এ কথা বলেননি যে, Zakir's extreme views was a threat to the country's racial and religious relations. কিন্তু মালয় পত্রিকা স্টার অনলাইনের প্রতিবেদক নিজে ধরে নিয়েছেন মাহাথির প্রকৃতপক্ষ যা বলেছেন, তা দিয়ে আসলে এটাই বুঝা যায়!
টিআরটিকে মাহাথির আসলে কী বলেছেন?
২৬ মিনিটের সাক্ষাৎকারের সাংবাদিকের প্রশ্ন ছিল মাহাথিরের কাছে-- “I wonder if you’re familiar with Zakir Naik who’s seen as an Islamic scholar he’s in your country right now right the Indians find him an extremist the Western countries don’t want him because they believed that he promulgates hate speech. Do you agree with that?”
জবাবে মাহাথির বলেন, “Yeah we have a multiracial multi-religious population in Malaysia we don’t want anybody who comes up and expressed extreme views about race religion and about other religions so to that extent we cannot have him but on the other hand it’s difficult to send him anywhere else because many countries do not want to have him.”
এছাড়া জাকির নায়েক প্রসঙ্গে আর কোনো প্রশ্নোত্তর ছিল না। পুরো সাক্ষাৎকার দেখুন নিচের লিংকে। (জাকিরের অংশ দেখতে পারবেন ২৩ মিনিট ২৫ সেকেন্ডের পর থেকে)। লিংক: টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া মাহথিরের ভিডিও স্বাক্ষাৎকার
বাংলাদেশি বিডিফ্যাক্ট লিখেছে, বাংলাদেশি সংবাদমাধ্যমগুলো টিআরটি ওয়ার্ল্ডের নেয়া সাক্ষাৎকারকে সূত্র হিসেবে ব্যবহার করেছে কিন্তু কেউই সাক্ষাৎকারটি দেখেনি! দেখলে কোনোভাবেই ‘‘জাকির নায়েক মালয়েশিয়ার জন্য হুমকি’’ বক্তব্যটি কোট/আনকোট হিসেবে মাহাথিরের নামে ব্যবহার করার কথা নয়। মূলত মালয়েশিয়ান পত্রিকা স্টার অনলাইনই বাংলাদেশি সংবাদমাধ্যমগুলোর সূত্র। কিন্তু তারা সেটি উল্লেখ না করে টিআরটির নাম উল্লেখ করেছে!’’
আবার স্টার অনলাইন মাহাথিরের কথা কোট/আনকোট হিসেবে ব্যবহার করেনি, কিন্তু বাংলাদেশি সংবাদমাধ্যমগুলোর শিরোনামে এবং ভেতরে কোট/আনকোট হিসেবে একটি টুইস্টেড কথা ব্যবহার করা হয়েছে।
আরেকটি সুক্ষ্ম বিষয়ও খেয়াল করা যায়। মালয়েশিয়ান স্টার অনলাইন তাদের টুইস্টেড প্রতিবেদনে লিখেছে 'Zakir's extreme views was a threat to the country's racial and religious relations'. আর বাংলাদেশি সংবাদমাধ্যমগুলো সেটিকে উল্লেখ করেছে, ‘‘জাকির নায়েক মালয়েশিয়ার জন্য হুমকি’’ হিসেবে। ‘‘জাকির নায়েকের উগপন্থী মতামত’’ আর ‘‘জাকির নায়েক’’ এবং ‘‘মালয়েশিয়ার (মানুষের) জাতিগত ও ধর্মীয় সম্পর্কের জন্য হুমকি’’ আর ‘‘মালয়েশিয়ার জন্য হুমকি’’— এসব কথার একটির সাথে অন্যটির অর্থের বেশ পার্থক্য রয়েছে।
স্টার অনলাইনের টুইস্ট করা বক্তব্যটির মূলভাবটি এমন ‘‘উগ্রপন্থী চিন্তা/মতপ্রকাশ বাদ দিয়ে দিলে জাকির নায়েক আর মালয়েশিয়ান জাতিগত ও ধর্মীয় সম্পর্কের জন্য হুমকি থাকেন না।’’ কিন্তু বাংলাদেশি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন পড়লে এমনটা মনে হবে না। বরং মনে হবে, ‘‘জাকির নায়েক নিজেই পুরো মালয়েশিয়া রাষ্ট্রের জন্য একটি হুমকি (তার উগ্রপন্থী চিন্তা/মতপ্রকাশ বাদ দেন বা না দেন)’’। কৃতজ্ঞতা: বিডিফ্যাক্টচেক