বিশ্বের মধ্যে বাংলাদেশের বায়ু সবচেয়ে দূষিত!
বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের বায়ু সবচেয়ে দূষিত। এছাড়া সবচেয়ে দূষিত ৩০টি শহরের মধ্যে ১৭তম স্থানে রয়েছে ঢাকা। ২০১৮ সালের দূষণের মাত্রা নিয়ে আইকিউএয়ার, এয়ারভিস্যুয়াল ও গ্রিনপিসের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পিএমটুপয়েন্টফাইভ’র মাত্রা সর্বোচ্চ ১০০ ধরে এ তালিকা প্রস্তুত করা হয়েছে । পিএমটুপয়েন্টফাইভ মানুষের ফুসফুসের ক্ষতি ও রক্তপ্রবাহে মারাত্মক ব্যাঘাত ঘটাতে পারে বলে জানানো হয়েছে।
দূষিত ৩০ শহরের মধ্যে ভারতেরই ২২টি শহর রয়েছে। তালিকায় শীর্ষ অবস্থানে থাকা বাংলাদেশের বাতাসে পিএমটুপয়েন্টফাইভ’র গড় মাত্রা ৯৭ দশমিক এক শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানের পাকিস্তান ও ভারতে এর মাত্রা যথাক্রমে ৭৪ দশমিক ৩ ও ৭২ দশমিক ৫ শতাংশ।
আফগানিস্তান ও বাহরাইন তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে। এরপর রয়েছে যথাক্রমে মঙ্গোলিয়া, কুয়েত, নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও নাইজেরিয়া।
এছাড়া সবচেয়ে কম দূষিত দেশ হিসেবে তালিকায় স্থান করে নিয়েছে আইসল্যান্ড, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, এস্তোনিয়া ও সুইডেন।
প্রকাশিত তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত ৩০ শহরের সবকটিই এশিয়া মহাদেশের। এরমধ্যে ২২টি ভারতে, পাঁচটি চীনে, দুটি পাকিস্তানে এবং একটি বাংলাদেশে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে বিশ্বজুড়ে দূষণের শীর্ষে ছিল ভারতের গুরুগ্রাম শহর। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতেরই শহর গাজিয়াবাদ। তৃতীয় স্থানে আছে পাকিস্তানের ফয়সালাবাদ। এছাড়া চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে ভারতের ফরিদাবাদ, ভিওয়াদি, নয়ডা ও পাটনা। অষ্টম স্থানে রয়েছে চীনের হোটান শহর। নবম স্থানে ভারতের লক্ষ্ণৌ ও দশম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।