মাদকাসক্ত ব্যক্তিকে ধরতে গিয়ে মারধরের শিকার এএসআই
ভোলার বোরহানউদ্দিনে আকবর আলী নামের এক মাদকাসক্ত ব্যক্তিকে ধরতে গিয়ে তার স্বজনদের মারধরে গুরুতর আহত হয়েছেন কামরুল ইসলাম নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)।
মঙ্গলবার (৪ মার্চ) রাত ৯টায় উপজেলার কাঁচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালীরহাট বাজার-সংলগ্ন গুচ্ছগ্রামে এ হামলার ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানা-পুলিশের এএসআই কামরুল ইসলামসহ পুলিশের তিন সদস্যের একটি দল ওই জায়গায় মাদক উদ্ধার করতে যায়। রাত ৯টার দিকে সেখান থেকে কিছু গাঁজাসহ মাদক কারবারি আকবর আলীকে পুলিশ আটক করে। একপর্যায়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন একত্র হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে আকবর আলীকে ছিনিয়ে নেয়।
স্থানীয়রা জানান, আকবর আলী একজন পেশাদার মাদক কারবারি। তাকে পুলিশ গাঁজাসহ আটক করলে তার শ্বশুর আলমগীরসহ বেশ কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আকবর আলীকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের এএসআই আকবর আলী আহত হলে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ওপর হামলাকারীদের ধরতে পুলিশের বেশ কয়েকটি দল চিরুনি অভিযান চালাচ্ছেন।
এ বিষয়ে জানতে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমানকে একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি। তবে ডিউটি অফিসার নজরুল ইসলাম জানিয়েছেন, এএসআই কামরুল ইসলামের ওপর মাদক কারবারিরা হামলা চালানোর কারণে ওসিসহ পুলিশের বেশ কয়েকজন সদস্য ঘটনাস্থলে গিয়েছেন। এর বেশি কিছু তিনি জানেন না।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি একই উপজেলার বাটামারা গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে গিয়ে স্বজনদের হামলায় পুলিশের দুই এএসআই গুরুতর আহত হয়েছিলেন। সেই ঘটনার রেশ না কাটতেই আরেকটি ঘটনার পুনরাবৃত্তি ঘটল। যার কারণে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন।