১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০

দুপুরে আজহারির মাহফিল, রাতেই ধর্মপ্রাণ মানুষের ঢল

  © সংগৃহীত

ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে ঘিরে ময়মনসিংহে ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে আয়োজিত মাহফিলে তিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। তবে মাহফিলের আগের রাতেই মাঠে জড়ো হয়েছেন হাজারো মানুষ।  
 
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মাহফিলস্থলে এসে জড়ো হচ্ছেন। কেউ পরিবারসহ, কেউ বন্ধুদের নিয়ে কিংবা এককভাবেই মাহফিলে অংশ নিতে এসেছেন। তাদের অনেকেই কম্বল, সোয়েটার, মাফলার, চাদরসহ দীর্ঘ সময় থাকার প্রস্তুতি নিয়ে এসেছেন।  

শেরপুরের নকলা থেকে আসা আশরাফুল আলম বলেন, 'আজহারি হুজুরের অসংখ্য ওয়াজ ইউটিউবে শুনেছি। সরাসরি তার বয়ান শোনার ইচ্ছে থেকেই বিকেলেই চলে এসেছি, যাতে মঞ্চের কাছাকাছি জায়গা পাওয়া যায়।'  

জামালপুর সদর থেকে আসা মাজহারুল ইসলাম জানান, 'আজহারি হুজুরের বয়ান সরাসরি শোনার সুযোগ কখনো হয়নি। ঢাকার নবাবগঞ্জের মাহফিলে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এবার সেই সুযোগ হাতছাড়া করতে চাই না, তাই আগেভাগেই চলে এসেছি।'  

মাহফিল আয়োজকরা জানিয়েছেন, ১০ থেকে ১৫ লাখ মানুষের সমাগম হতে পারে। এজন্য সার্কিট হাউজ মাঠ ছাড়াও জেলা স্কুল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠ, উমেদ আলী মাঠ এবং লেডিস ক্লাব মাঠ প্রস্তুত করা হয়েছে। নারীদের জন্য পৃথকভাবে জেলা স্কুল বর্ডিং মাঠ নির্ধারণ করা হয়েছে, যেখানে এলইডি স্ক্রিনের মাধ্যমে বয়ান সম্প্রচার করা হবে।  

জনস্রোত সামাল দিতে মাঠজুড়ে স্থাপন করা হয়েছে বিদ্যুৎ ব্যাকআপসহ জেনারেটর, ফ্রি ওয়াইফাই, পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা, ৪০০-রও বেশি অজুখানা এবং তিনটি মেডিক্যাল ক্যাম্প। নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে স্বেচ্ছাসেবক দল।  

মাহফিলে বিপুল জনসমাগমের কারণে শহরের যান চলাচলে আংশিক নিয়ন্ত্রণ থাকবে। শম্ভুগঞ্জ ব্রিজ, মাসকান্দা, আকুয়া বাইপাস ও রহমতপুর বাইপাস এলাকায় বড় যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীদের যাতায়াতে কোনো বাধা থাকবে না। যানজট এড়াতে নগরবাসীকে বাইপাস সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।  

আয়োজক কমিটির আহ্বায়ক কামরুল হাসান মিলন বলেন, 'ড. মিজানুর রহমান আজহারি জাতীয় সম্পদ। লাখো মানুষের আগ্রহ প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয়। নগরবাসী সাময়িক অসুবিধা হলেও ইসলামের স্বার্থে তা মেনে নেবেন বলে আশা করি।'  

দেশে ফেরার পর ২০২৪ সালের ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় প্রথম মাহফিল করেন আজহারি। এরপর যশোর, লালমনিরহাট, সিলেট, চট্টগ্রাম, পটুয়াখালী, নবাবগঞ্জের মাহফিলের পর এবার ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে তার অষ্টম মাহফিল।