১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৯

ভ্যালেন্টাইনস ডে নিয়ে যে বার্তা দিলেন আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ  © সংগৃহীত

জনপ্রিয় ইসলামী আলোচক ও বক্তা শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ভ্যালেন্টাইনস ডে এ দেশের সংস্কৃতির অংশ নয় এবং একে পরিহার করা উচিত। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লেখেন, ‌‘ভ্যালেন্টাইনস ডে এ দেশের মাটি ও মানুষের সংস্কৃতি নয়। এই অপসংস্কৃতি বর্জন করুন। পবিত্র জীবনযাপন করুন।’

এর আগের দিন, বৃহস্পতিবার সন্ধ্যায় আরেকটি পোস্টে তিনি বলেন, ‘১৪ ফেব্রুয়ারি উদযাপনের আগে একবার ভাবুন। এই দিবসকে ডাস্টবিনে ফেলুন।’

শুধু ভ্যালেন্টাইনস ডে নয়, ফেব্রুয়ারি মাসের সার্বিক চিত্র নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। ১০ ফেব্রুয়ারির এক পোস্টে তিনি লেখেন, ‘ফেব্রুয়ারি হলো অন্যায়ের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার মাস, শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মাস। এই মাসে ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের সেই শিক্ষাই দেয়। অথচ কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ও মিডিয়া এটিকে নোংরামির মাসে পরিণত করছে।’

বর্তমান প্রজন্মের চিন্তাধারা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের শৈশব-কৈশোরের ফেব্রুয়ারি ছিল সাহস ও দৃঢ়তার প্রতীক। অথচ এখনকার তরুণ-তরুণীদের কাছে এটি অবৈধ সম্পর্কের প্রতীকে পরিণত হয়েছে। তারা বুঝতেই পারছে না, এক গভীর বাণিজ্যিক প্রকল্প ও শালীনতা ধ্বংসের ষড়যন্ত্রের অংশ হয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যদি আমরা এখনই সতর্ক না হই, তবে আমাদের পরিবারব্যবস্থা পশ্চিমা সমাজের মতো ভেঙে পড়বে। তখন আর কিছু করার থাকবে না।’

তার এসব পোস্টে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন, আবার কেউ কেউ ভিন্নমতও জানিয়েছেন।