‘আমি ভাই সাধারণ মানুষ, সরকারের কেউ না’
‘সকাল থেকে রাত ২ টা ৪০ মিনিট পর্যন্ত পাঁচশরও বেশি ফোন কল রিসিভ করেছি এবং হোয়াটসঅ্যাপে পাঁচশতাধিক মেসেজের উত্তর দিয়েছি। তবুও অনেকেই অভিযোগ করেছেন, আমি তাদের ফোন রিসিভ করিনি, কিংবা মেসেজের যথাসময়ে উত্তর দেইনি’, ক্ষোভে এমনটাই বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তিনি লেখেন, ‘আরে ভাই, আমি তো মানুষ! কোন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলাম, কল রিসিভ না করে কেটে দিয়েছি, তারপরেও আবার ফোন দিতে থাকেন। ভাই, একজন মানুষের স্বাভাবিক জীবন থাকার কথা, কিন্তু এখন সেটা তো পাচ্ছি না। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিতজনদের প্রত্যাশার চাপে আমি একেবারে ক্লান্ত’।
তিনি উল্লেখ করেন, ‘অধিকাংশ মানুষই নানা নীতিহীন প্রস্তাব নিয়ে আসেন, যেমন চাকরি, বদলি, টেন্ডার ইত্যাদি। আর যখন সাড়া পান না, তখন তারা গিয়ে বলে বেড়ান, 'হান্নান মাসউদের এখন অনেক ভাব।’
তিনি মধ্যরাতে করজোড়ে মিনতি করে আরও বলেন, ‘এসব নিয়ে আমার কাছে আসবেন না। সুন্দরভাবে বাঁচতে দিন, ভুল দেখলে শুধরিয়ে দিবেন। কিন্তু অনুগ্রহ করে, নিজেদের অন্যায্য দাবি-দাওয়া নিয়ে আমার কাছে আর আসবেন না।’