ইন্টারনেট বন্ধ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে পলককে
জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে গণহত্যা ও সারাদেশে ইন্টারনেট বন্ধের মাধ্যমে আন্দোলন দমনের অভিযোগসহ আরও বিভিন্ন বিষয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আগামী ১৮ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারণ করেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, ‘আজকে একটি পিটিশনে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছেন। আগামী ১৮ ডিসেম্বর একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রদান করেছেন।’
তিনি বলেন, ‘তাকে (পলক) জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার প্রধান কারণ হচ্ছে তিনি সে সময়ে মন্ত্রিসভার সদস্য হিসেবে ছাত্র-জনতার ওপর যে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, সেগুলোর পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে জুনাইদ আহমেদ পলক এসব পরিকল্পনার বিষয়ে জানতেন। এসব পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’
একইসঙ্গে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে ১৫ ডিসেম্বর তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আদালত।