০৪ আগস্ট ২০২৪, ১৮:২৯

রাজধানীতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যুর খবর

  © সংগৃহীত

রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যুর খবর এসেছে। তাদেরকে রাজধানীর দুই হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসক আগেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।

আজ রবিবার বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর জিগাতলা এলাকা থেকে গুলিবিদ্ধ এক তরুণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তখন দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই তরুণের নাম আব্দুল্লাহ সিদ্দিকী (২৩)। তিনি হাবিবুউল্লাহ বাহার কলেজের বিবিএ এর শিক্ষার্থী। তিনি পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকায় থাকতেন, তার বাবার নাম আবু বক্কর সিদ্দিকী।

অপরদিকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে আরেক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। জহির উদ্দিন (২৫) নামে ওই যুবককে গুলিস্তান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে সেখানে অবস্থানরত এক সংবাদমাধ্যম কর্মী জানান।

অপরদিকে ফার্মগেটে গুলিতে আহত এক তরুণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে তাহেদুল ইসলাম (২২) নামে তার মৃত্যু হয়। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহকারী। তার বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলায়।

নিহত এ দুইজনকে ছাড়াও এদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অসহযোগকে ঘিরে পুলিশ ও সরকারদলীয় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ১১৩ জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন হাসপাতালে চিকিৎসাধীন।