০৩ আগস্ট ২০২৪, ১৭:৩৬

আন্দোলনকারীদের তোপের মুখে টিএসসি থেকে পালালেন ‘রাফসান দ্য ছোটভাই’

  © সংগৃহীত

এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে টিএসসি থেকে পালালেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ‘রাফসান দ্য ছোটভাই’। শনিবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) থেকে তাকে পালিয়ে যেতে দেখা যায়।

জানা যায়, রাফসান দ্য ছোটভাই তার নিজ গাড়িতে করে এলে বিক্ষোভকারী ছাত্ররা তাকে ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে বাধ্য হয়ে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তিনি। এসময় আন্দোলনকারীরা তার গাড়িতে হামলা করতে গেলেও কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় তিনি স্থান ত্যাগ করেন।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, সে এতদিন পর অ্যাটেনশন নিতে এসেছে। আমরা তার কাছে কৈফিয়ত চেয়েছি এতদিন পর কি করতে এসেছেন?

এদিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে একদফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই এক দফা দাবি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগ। শহীদ মিনারের বিশাল জমায়েতে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন শিক্ষক-অভিভাবক, শিল্পী-পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ। একদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পার চাঁনখারপুর, অন্যদিকে দোয়েল চত্বর। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরেও ছড়িয়েছে এর বিস্তৃতি।