১৪ জুলাই ২০২৪, ১৫:৪০

কাল অবরোধ থাকছে না, ২৪ ঘণ্টা পর নতুন কর্মসূচি কোটা আন্দোলনকারীদের

কোটা সংস্কার আন্দোলন  © টিডিসি ফটো

সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আল্টিমেটাম দিয়ে বঙ্গভবন থেকে ফিরেছেন কোটা সংস্কার আন্দোলনের ১২ জন প্রতিনিধি। ফিরে এসে এসময়ের মধ্যে মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না দেখলে নতুন করে আবার আন্দোলনের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এর ফলে আগামীকাল সোমবার বিকেল পর্যন্ত অবরোধ-বিক্ষোভ এ ধরনের কোনো কর্মসূচি থাকছে না তাদের।

বঙ্গভবন থেকে ফিরে আজ রবিবার বেলা সোয়া ৩টা নাগাদ গুলিস্তান থেকে এই ঘোষণা দেন তিনি। পরবর্তীতে আন্দোলনকারীরা গুলিস্তান ছেড়ে দিয়ে ক্যাম্পাসের দিকে যাত্রা করে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এসময় নাহিদ বলেন, আমরা ২৪ ঘণ্টা অপেক্ষা করবো। আমাদের দাবি না মানা হলে আন্দোলন আরও কঠিন হবে। ২৪ ঘণ্টার মধ্যে একটি কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সেটা আমাদের দাবির প্রেক্ষিতে। আমাদের ১ দফা দাবিই বহাল থাকবে। এসময়ের মধ্যে সংসদে জরুরি অধিবেশন করে আইন পাশ করে কোটার যৌক্তিক সংস্কারের উদ্যোগ নিতে হবে।

এসময় তিনি আরও বলেন, আমাদের উপর অজ্ঞাতনামা মামলা দেওয়া হচ্ছে। এর আগে পুলিশকে আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি এবার আরও ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। যদি মামলা তুলে নেওয়া না হয় আমাদের কর্মসূচি আরও কঠোর হবে। পুলিশ কর্মকর্তাদের এর জবাব দিতে হবে।