বন্যার পানিতে প্রাণ গেল দুই শিশুর
মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো শ্যামেরকোনা গ্রামের জমির আলীর ছেলে হৃদয় আহমদ (১৫) ও একই গ্রামের ফয়সল মিয়ার ছেলে সাদী (১০)।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সদর উপজেলায় চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে বন্যার পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, গত কয়েক দিনের বৃষ্টি ও ধলাই নদীর পানিতে পুরো শ্যামেরকোনা গ্রামের বাড়িঘরের আশপাশ, রাস্তা ও মাঠ পানিতে তলিয়ে যায়। পানি বেড়ে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামের কোনা, মাঝপাড়াসহ কয়েকটি গ্ৰাম প্লাবিত হয়। মৌলভীবাজার-শমসেরনগর সড়কে পানি উঠে বন্ধ হয়ে যায় যান চলাচল। বুধবার হৃদয় ও সাদিকে সড়কে বের হওয়ার পর থেকে পরিবারের লোকজন তাদের খুঁজে পায়নি।
এরপর আজ সকালে বন্যার পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।
মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী বলেন, মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পস্চিম শ্যামেরকোনা এলাকায় বন্যার পানিতে ভেসে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে দুজনকে ২৫ হাজার করে পঞ্চাশ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ার আক্তার উদ্দিন বলেন, ঢলের পানিতে বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এ অবস্থায় শিশুদের নিরাপদে রাখার অনুরোধ করেন তিনি।