রাজধানীর ফার্মগেটের রাস্তা থেকে মরদেহ উদ্ধার
রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের গ্লোব সেন্টারের সামনের রাস্তা থেকে অলক সরকার (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৭ এপ্রিল) সকাল সাতটার দিকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, অলক সরকার ফার্মগেটের ইন্দিরা রোডের একটি সেলুনের কর্মচারী হিসেবে কর্ম
রত ছিলেন। সেলুনটির মালিকের ছেলে পংকজ শর্মা জানান, অলক সরকার নওগাঁয়ের রাণী নগর উপজেলার ভাট ভাই গ্রামের গোলক সরকারের ছেলে। সে ইন্ডিরা রোডেই একটি ভাড়া বাসায় থাকত।
তিনি বলেন, ‘সকালে আমরা জানতে পারি চোখের ডান পাশে আঘাত পেয়ে রাস্তায় অলক পড়ে আছে। পরে দ্রুত তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক জানান সে আর বেঁচে নেই। কিভাবে অলক আঘাত পেয়েছে এ বিষয়ে আমরা কিছুই জানি না।’
এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার উপ পরিদর্শক (এস আই) মহেষ চন্দ্র সিং বলেন, ‘সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গের ট্রলি থেকে মরদেহটি উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন শেষে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।’ এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।