২৫ মার্চ ২০২৪, ০৮:২৪

আজ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে দেশ

আজ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে দেশ  © সংগৃহীত

২৫ মার্চের কালরাতকে স্মরণীয় রাখতে আজ এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক আউট) থাকবে সারাদেশ। গণহত্যা দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। তারই অংশ হিসেবে আজ সোমবার (২৫ মার্চ) রাতে এক মিনিট অন্ধকারে থাকবে পুরো দেশ। 

কালরাতের প্রথম প্রহর স্মরণ করে রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। যদিও গত বছর রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়েছিল।

শনিবার (২৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। দিবসটি উপলক্ষে বাণী দেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আজ সকাল সাড়ে ১০টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে গণহত্যা দিবসের আলোচনা সভা। দেশব্যাপী আয়োজন করা হবে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের।

১৯৭১ সালের ২৫ মার্চের রাতটি ছিল ভয়াবহতম একটি রাত। মানব ইতিহাসের জঘন্যতম গণহত্যায় সেই কালরাতে বর্বর পাকিস্তানি বাহিনী মেতেছিল উল্লাসে। ঢাকা শহর হয়েছিল ধ্বংসস্তূপ। 

২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। অবশ্য তার আগেই ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এক জনসভায় বাঙালির অবিসংবাদিত এই নেতা বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ কার্যত সেটাই ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, যার পথ ধরে কালরাতের পর শুরু হয় বাঙালির প্রতিরোধ পর্ব।

নয় মাসের যুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ, আড়াই লাখ মা-বোনের সম্ভ্রমহানি এবং জাতির অসাধারণ ত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।