২০ মার্চ ২০২৪, ০৯:০১

দুপুরের মধ্যে দেশের ১৮ জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

দেশের ১৮ জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস  © সংগৃহীত

প্রকৃতিতে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বৃষ্টিপাতের প্রবণতাও বাড়ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে দেশের ১৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিমি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২০ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 

আরও পড়ুন: যমুনা ফিউচার পার্কসহ বুধবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত ৫ (পাঁচ) দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।