০৬ মার্চ ২০২৪, ১২:৪৬

ট্রেড লাইসেন্স ছাড়া কিছুই নেই কাচ্চি ভাইয়ের, জরিমানা

ট্রেড লাইসেন্স ছাড়া কোনো কাগজপত্র না থাকায় গুলশান-২ নম্বরে অবস্থিত কাচ্চি ভাইকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১ লাখ টাকা জরিমানা করেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে বুধবার (৬ মার্চ) গুলশান ও বনানী এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা হয়। অভিযানে এই জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ট্রেড লাইসেন্স ব্যতীত কোনো কাগজপত্র না থাকায় কাচ্চি ভাইকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৩ মাসের জেল দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে ফায়ার সার্টিফিকেট, পরিবেশের ছাড়পত্রসহ সকল অনুমোদন সম্পন্ন করতে হবে। যদি কাগজপত্র না প্রস্তুত হয় তাহলে কাচ্চি ভাই সিলগালা করা হবে।