বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন ৫০ নারী
দ্বাদশ জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন ৫০ নারী। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এসব প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হবে।
চলতি সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে সমান সংখ্যক মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে সব মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৫ ফেব্রুয়ারি) কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ৫০ জন নারী প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে ইসি।
সোমবার সরকারি ছুটির দিন হওয়ায় মঙ্গলবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে বলে সংবাদমাধ্যমকে জানান সংরক্ষিত নারী আসনে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৫০ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় সবাইকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে ৪৮ জন আওয়ামী লীগের প্রার্থী ও দুজন জাতীয় পার্টির।