ফেব্রুয়ারির প্রথম দিন বাংলায় আদেশ দিলেন হাইকোর্ট
ভাষা শহিদদের প্রতি সম্মান জানিয়ে ভাষার মাসের প্রথম দিনে বাংলায় আদেশ দিলেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) শুনানির শুরুতেই বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বলেন, আজ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন। আজ আমরা বাংলায় দেব সব আদেশ।’
এরপর একের পর এক আদেশ ও রায় বাংলায় দেন হাইকোর্টের এ বেঞ্চ। এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
১৯৫২ সালের এ মাসেই রক্তঝরা ভাষা আন্দোলন তীব্রতর রূপ ধারণ করেছিল। মাতৃভাষা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার সংগঠিত দাবি ও আন্দোলনকে বানচাল করার জন্য একুশে ফেব্রুয়ারি প্রথম গুলী চালানো হয়েছিল। তাতে কয়েকটি অমূল্য প্রাণ সালাম রফিক, জব্বার, শফিউর, বরকত মৃত্যুবরণ করেছিলেন। তাই গভীর বেদনায়, মহিমায় ও পবিত্র আবেগে ওই দিনটিকে ইতিহাসের পাতায় রক্তের অক্ষরে লেখা হয়ে যায়। বিশেষ সেই তারিখে শহীদদের আত্মদান একটি কিংবদন্তী রূপ লাভ করে। আজ তাই একুশে ফেব্রুয়ারি একটি অভিধা, একটি ধ্বনি, একটি প্রতীকে পরিণত হয়েছে। পরিণত হয়েছে জাতির জাগরণের প্রতীকে।