৩১ জানুয়ারি ২০২৪, ২১:১২

প্রতিষ্ঠাবার্ষিকীতে সাড়ে ১১ লাখ শিক্ষার্থীকে চকলেট দিল ডিএমপি

চকলেট বিতরণ  © সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর দেড় সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে চকলেট বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে জম্মদিনের চকলেট বিতরণ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর ১ হাজার ৬৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১ লাখ ৫৩ হাজার শিক্ষার্থীর মাঝে চকলেট বিতরণ করা হয়েছে।

পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (খিলগাঁও জোন) রাশেদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই চকলেট উৎসব সফল করতে ডিএমপির ক্রাইম, ট্রাফিক, ডিবি, সিটিটিসিসহ অন্যান্য বিভাগ একযোগে কাজ করেছে।

১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি ছয় হাজার পুলিশ সদস্য এবং ১২টি থানা নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দীর্ঘ পথ পরিক্রমায় আগামীকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জনমানুষের সেবার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পা দিতে যাচ্ছে ডিএমপি।