৩০ জানুয়ারি ২০২৪, ১৬:৫৫

ইতিহাসে সবচেয়ে ছোট বিরোধী দল নিয়ে শুরু হল দ্বাদশ সংসদ

  © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। এত সভাপতিত্ব করছেন নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আর দেশের ইতিহাসে সবচেয়ে কম সংখ্যক মাত্র ১১ এমপি নিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকা রাখবে জাতীয় পার্টি। 

সংসদ ভবন সূত্র জানায়, বিরতির ফাঁকে রাষ্ট্রপতির কাছে স্পিকার হিসেবে শপথ নেন শিরীন শরামিন চৌধুরী। এরপর নতুন সংসদ সদস্যদের উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী। বিরোধী দলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।

বাংলাদেশের সংসদীয় ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ১ম ও ৬ষ্ঠ সংসদে কোনো বিরোধী দল ছিল না। আর এতদিন বিরোধী দলের সবচেয়ে কম সদস্য থাকার নজির ছিল চতুর্থ সংসদে। সেবার আ স ম আবদুর রবের নেতৃত্বে সম্মিলিত বিরোধী দলের আসন ছিল ১৯টি।

উল্লেখ্য: ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যার মধ্যে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগ। এছাড়া স্বতন্ত্রদের মধ্যে বিজয়ী হন ৬২ জন, যাদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগ নেতা। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি।