তীব্র শীতেও যে পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে আজ
সারা দেশে বইছে শৈত্য প্রবাহ। ঘন কুয়াশায় মিলছে না রোদের দেখা। কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে চলে গেছে। এর মধ্যেই দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার রাত থেকে আগামী শুক্রবার পর্যন্ত দেশের পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর মেঘ ও কুয়াশা পরিষ্কার হয়ে গেলে সূর্যের দেখা মিলবে।
বুধবার (১৭ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা বিভাগের দু-এক জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আগামীকাল বৃহস্পতিবারের (১৮ জানুয়ারি) পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আরও পড়ুন: নয় ট্রাক ও শতাধিক যাত্রী নিয়ে যেভাবে ডুবে যায় রজনীগন্ধা
এমন পরিস্থিতিতে দেশের যেসব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব অঞ্চলের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল মঙ্গলবার অধিদপ্তর দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছে।
এদিকে, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা রজনীগন্ধা নামে একটি ফেরি বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের কাছে সকাল ৮ টায় এ ঘটনাটি ঘটে। ফেরিতে নয়টি ট্রাক ও শতাধিক যাত্রী ছিল। এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করার খবর পাওয়া গেছে।
জানা যায়, মঙ্গলবার রাত ১টায় ফেরিটি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসলে ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে দীর্ঘক্ষণ আটকে থাকে। পরে কুয়াশা কেটে গেলে তীরে ভেড়ার সময় সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।