০৮ জানুয়ারি ২০২৪, ১৯:৫৭

ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কোলেই মারা গেলেন ফ্রান্স ফেরত শিক্ষার্থী ইব্রাহীম

ফ্রান্স ফেরত শিক্ষার্থী মো. ইব্রাহীম  © ফাইল ছবি

নিজ ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কোলেই মারা গেলেন ফ্রান্স ফেরত শিক্ষার্থী মো. ইব্রাহীম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির নিজ বাড়িতে মারা যান তিনি।

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া ইব্রাহীম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির মো. কাঞ্চন হাওলাদারের ছেলে।

আরও পড়ুন: সাত মাসের মাথায় ফ্রান্সে উচ্চশিক্ষার স্বপ্ন শেষ ক্যান্সার আক্রান্ত ইব্রাহীমের

ইব্রাহীমের বাবা মো. কাঞ্চন হাওলাদার বলেন, ছেলের ইচ্ছা পূরণে ধারদেনা করে তাকে ফ্রান্সে পাঠাই। আশা ছিল ইব্রাহীম বিদেশ থেকে উচ্চশিক্ষা অর্জন করে বড় চাকরি করে ধারদেনা পরিশোধ করবে এবং আমাদের পাশে দাঁড়াবে। কিন্তু আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে।

তিনি আরও বলেন, ইব্রাহীম আর বেঁচে নেই। আজ ভোরবেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ধারদেনা কীভাবে পরিশোধ করব তা জানি না। যদি সরকার আমাদের পাশে দাঁড়ায়, তাহলে আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারব।

জানা যায়, ইব্রাহীমের স্বপ্ন ছিল উচ্চশিক্ষা অর্জন শেষে বড় চাকরি করে দাঁড়াবেন পরিবারের পাশে। আর সেই আশায় ফ্রান্সে যাওয়া। ছেলের স্বপ্ন পূরণে পরিবারও বাধা দেয়নি। এনজিও এবং স্থানীয়দের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা ধার-দেনা করে ২০২২ সালে ইব্রাহীমকে ফ্রান্সে পাঠায় পরিবার। কিন্তু যাওয়ার মাত্র ৭ মাসের মধ্যেই ইব্রাহীম আক্রান্ত হন মরণব্যাধি ক্যান্সারে। সেখানেই তিনি চিকিৎসা নিতে শুরু করেন। 

ফ্রান্সে চিকিৎসাধীন অবস্থায় নিজ মাটিতে বাবা-মায়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এমন ইচ্ছা থাকলেও তাকে দেশে নিয়ে আসার মতো ছিল না কেউ। তার এ ইচ্ছা পূরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তাকে দেশে নিয়ে আসেন ফ্রান্সের চিকিৎসক ড. ম্যাথিউ জামেলট।

বাংলাদেশে এসেও দীর্ঘদিন চিকিৎসা নেন। তবে প্রাণঘাতী রোগে শেষ পর্যন্ত আজ ভোরে মারা যান তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে।