০৭ জানুয়ারি ২০২৪, ২০:০৪

কোন আসনে জয়ী কে

  © লোগো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে বেশ কয়েক জায়গায় রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করছেন। আজ রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ হয়। এরপর চলে ভোট গণনা। পরে রাতের দিকে এ ফলাফল জানা যায়।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনের মোট কেন্দ্র ১০৮। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে শেখ হাসিনা (নৌকা) ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আবুল কালাম (আম– এনপিপি) ৪৬০ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী মাহাবুর মোল্যা (গোলাপ ফুল–জাকের পার্টি) পেয়েছেন ৪২৫ ভোট।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ১৩২টি কেন্দ্রের ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ২৭৯ ভোট।

আর শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ফলাফল বেসরকারিভাবে নৌকা প্রতীকের বেগম মতিয়া চৌধুরী ষষ্ঠবারের মতো জয়ী হয়েছে। মোট ১৫৪ কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা পেয়েছে ২ লাখ ২০ হাজার ১৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মশাল প্রতীক ৪ হাজার ৫৭৬ ভোট।

চাঁদপুর-৩ আসনে বিশাল ব্যবধানে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বেসরকারি প্রাপ্ত তথ্য মতে, এই আসনে নৌকায় মোট পড়েছে ১ লাখ ৯ হাজার ৪৬টি আর ঈগল পেয়েছে ২৪ হাজার ১৮৩ ভোট। ফলে নৌকার প্রার্থী ডা. দীপু মনি ৮৪ হাজার ৮৬৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

মাগুরা-১ আসন থেকে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বেসরকারিভাবে সাকিব আল হাসান এই আসনে নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৭৮ হাজার ৮৬৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব মার্কার অ্যাডভোকেট কাজী রেজাউল পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট। 

মেহেরপুর-১ আসনে বেসরকারি ফলাফল জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি পেয়েছেন ৯৩ হাজার ৭৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান পেয়েছেন ৫৭ হাজার ৫০৪ ভোট।

বান্দরবান-৩০০ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈ শিং। তিনি পেয়েছেন এক লাখ ৭২ হাজার ২৪০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের এ টি এম শহীদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৪৩ ভোট।

খুলনা-৬ আসনে বেসরকারি ফলাফল জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. রশিদুজ্জামান। তিনি এক লাখ ৩ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ছিলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম। তিনি পেয়েছেন ৫০ হাজার ২৬১ ভোট।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ঈগল প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৯ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী এমএ মুনিম চৌধুরী বাবু পেয়েছেন ৩৭ হাজার ৭২৬ ভোট। এ আসনে মোট কেন্দ্র ১৭৭টি।

কিশোরগঞ্জ-৪ (নিকলী-বাজিতপুর) আসনের ফলাফলে টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আফজাল হোসেন। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৭৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল পেয়েছেন ৫৭ হাজার ৯০১ ভোট।

খুলনা-৫ আসনে নৌকার প্রার্থী নারায়ণ চন্দ্র বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ১৩ হাজার ৪৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী শেখ আকরাম হোসেন পেয়েছেন ৯৩ হাজার ১৫০ ভোট।

চলবে...