০৫ জানুয়ারি ২০২৪, ২০:১৭

গাইবান্ধা-৫ আসনে নির্বাচন বন্ধের সিদ্ধান্ত নেয়নি ইসি

নির্বাচন কমিশন  © ফাইল ফটো

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের জাতীয় সংসদ নির্বাচন বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার (৫ জানুয়ারি) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন- এমন একটি সংবাদ দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের স্ক্রলসহ গণমাধ্যমের অনলাইন ভার্সনে প্রচার করা হচ্ছে। নির্বাচন কমিশন ওই আসনে ভোট বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি। এ তথ্যটি অসত্য ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণমাধ্যমের এ তথ্যে সংশ্লিষ্ট আসনের নির্বাচনের প্রার্থী ও ভোটারসহ সংশ্লিষ্টরা বিভ্রান্ত না হওয়ার জন্য নির্বাচন কমিশন আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে গণমাধ্যমে গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ ঘোষণা করা হয়েছে-এমন বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ করছে নির্বাচন কমিশন।