১৫ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৭

কয়লাবোঝাই জাহাজ ডুবলো ভৈরব নদে

যশোরের অভয়নগর উপজেলার দেয়াপাড়া এলাকায় ভৈরব নদে শুক্রবার বিকেলে কয়লাবোঝাই এই কার্গো জাহাজটি ডুবে যায়  © সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ৮২০ মেট্রিক টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার দেয়াপাড়া এলাকায় ভৈরব নদে এমভি আর রাজ্জাক নামের জাহাজ ডুবে যায়। 

কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স শেখ ব্রাদার্স’র পরিচালক শেখ শফিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভৈরব নদে কয়লাবোঝাই লাইটার জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকেছে। জাহাজটি উদ্ধারের কাজ চলছে। কয়লা ছড়িয়ে না পড়ায় নদের পানি দূষণ হবে না বলে তিনি দাবি করেন।

আমদানিকারক প্রতিষ্ঠান সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ৮২০ মেট্রিক টন কয়লা বড় জাহাজে করে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় আনা হয়। সেখান থেকে ৯ ডিসেম্বর সকালে ছোট কার্গো জাহাজ এমভি আর রাজ্জাক কয়লা বোঝাই করে রওনা দেয়। ১১ ডিসেম্বর বিকেলে জাহাজটি অভয়নগর উপজেলার দেয়াপাড়া এলাকায় ভৈরব নদের ঘাটে নোঙর করে। 

আজ বেলা আড়াইটার দিকে নদে ভাটা ছিল। এ সময় কার্গো জাহাজটির তলা ফেটে জাহাজে পানি উঠতে থাকে এবং জাহাজটি ধীরে ধীরে নদের পানিতে তলিয়ে যেতে থাকে। বিকেল সাড়ে চারটার দিকে জাহাজটি নদের পানিতে ডুবে যায়। জাহাজে থাকা কয়লার দাম প্রায় দেড় কোটি টাকা।