১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০২

বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

  © সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে সকালে রোদ উঠলেও বেড়েছে শীতের দাপট। শুক্রবার (১৫ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এটি। 

তাপমাত্রার পারদ কমে আসায় অনুভূত হচ্ছে হাড়কাঁপানো কনকনে শীত। শীতের কারণে বাড়তে শুরু করে বিভিন্ন শীতজনিত রোগ ব্যাধি। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। 

পূর্বাভাস অনুসারে, কয়েকদিন দেশের উত্তর, পশ্চিম ও উত্তরপশ্চিমাঞ্চলের কোনো কোনো জেলা মৃদু শৈত্যপ্রবাহের আওতায় চলে আসতে পারে। আগামী ৭২ ঘণ্টা সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা। এছাড়া কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নেমে যাওয়ার শঙ্কা রয়েছে।

গতকালের তথ্য অনুযায়ী, ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিনে ঢাকার তাপমাত্রা দশমিক পাঁচ থেকে এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।